ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের কুর্দি অধ্যুষিত চারটি শহর হাকারি, ইউসেকোভা, ইরিকস ও নুসায়বিনের মেয়রকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃত সবাই তুরস্কের প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) সদস্য।
আজ মঙ্গলবার সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে এই নেতাদের আটক করা হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানায়, অবৈধ কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে)র সঙ্গে জড়িত সন্দেহে ওই মেয়রদের বন্দী করেছে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাস দমনের অংশ হিসেবে এ কাজ করা হয়েছে। জঙ্গি তৎপরতার ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ১৯৮৪ সাল থেকে পিকেকে তুরস্কের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিদ্রোহ চালিয়ে আসছে। এদিকে সপ্তাহ খানেক আগে শুরু হওয়া সিরিয়ায় কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে তুরস্কের অভিযানের সমালোচনা করায় দেশজুড়ে অনেকের বিরুদ্ধেই ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সরকারের সমালোচনার দায়ে ছয় মিউনিসিপ্যাল কর্মকর্তাকেও আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
















