ইসলাম টাইমস ডেস্ক: দুদকের দায়ের করা দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা চুরির মামলায় সাবেক এক এমডিসহ ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমদ ভূঞা এ আদেশ দেন।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ ৪৩ হাজার ৭২৭.৯৯ মেট্রিক টন কয়লা (যার আনুমানিক মুল্য ২৪৩ কোটি ২৮ লাখ টাকা ৮২ হাজার পাঁচশত এক টাকা চুরাশি পয়সা) আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করে দুদক।
গত ২০০৬ সালের জানুয়ারী মাস থেকে ২০১৮ সালের ১৯শে জুলাই পর্যন্ত ১৪৩৭২৭.৯২ মেট্রিক টন কয়লা চুরি হয় বড়পুকুরিয়া কয়লা খনি থেকে। এই ঘটনায় বড় পুকুরিয়া কল মাননিং কোম্পানির ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনিসুর রহমান বাদি হয়ে ২০১৮ সালের ২৪শে জুলাই পার্বতীপুর থানায় ১টি মামলা করেন। মামলাটি পরবর্তীতে দুদকের কার্যালয়ে হস্তান্তর করা হয়। পরে মামলাটি দুদকের উপ-পরিচালক সামসুল আলম তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত করেন।
২৩ আসামির মধ্যে ২০ জনের জামিন মঞ্জুর করলেও সাবেক এমডি প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ, উপ-মহাব্যবস্থাপক এ কে এম খাদেমুল ইসলাম, মহা-ব্যবস্থাপক আবু তাহের মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরীর জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
















