ইসলাম টাইমস ডেস্ক: ভারতে বিজেপি সমর্থকদের এনআরসি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই আর বিজেপি সমর্থক না হলে নাগরিক তালিকা থেকে বাদ পড়তে পারে নাম, এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।
গতকাল (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।
এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতজুড়ে এনআরসি করতে যেন কোন ফাঁকফোকর না থাকে তা নিয়েই গবেষণা চালাচ্ছে ক্ষমতাসীন দল। এ অবস্থায় এনআরসির বিরোধিতায় রাস্তায় নেমেছে দেশটির বামদলগুলো।
ভারতের আসামে এনআরসি নিয়ে সংকট এখনও কাটেনি। এর মধ্যেই পশ্চিমবঙ্গে নাগরিক তালিকা করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি।
এ অবস্থায় রাজ্যটির বিজেপি নেতা, শঙ্কুদেব পান্ডা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি সমর্থক না হলে নাগরিক তালিকা থেকে বাদ পড়তে পারে নাম।
তিনি আরো বলেন, শুধু মন দিয়ে বিজেপি করুন। এনআরসি আমরা দেখবো। বিজেপি করলে কাউকে দেশ ছাড়তে হবে না। তার এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধী দলগুলো। বামদলগুলো এনআরসির বিরোধিতায় রাস্তায় নেমেছে।
এদিকে ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিজেপি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারতজুড়ে এনআরসির প্রস্তুতি চলছে।
অমিত শাহ বলেন, আমরা সারা ভারতে এনআরসি করতে চাই। তবে সেটা হতে হবে ত্রুটিহীন। এজন্য যত রকম প্রস্তুতি নেয়া দরকার আমরা তা নিচ্ছি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
















