চাঁদা না দেয়ায় পুলিশ ফাঁড়িতে আসামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: ২ লাখ টাকা চাঁদা না দেয়ায় রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির হাজতখানায় এক পশু ব্যবসায়ী আসামীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার পুলিশ-এলাকাবাসী সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৩ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার, ইউপি চেয়ারম্যান হাফিজসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।

নিহত পশু ব্যবসায়ী সামসুল হকের পরিবারের দাবি, তাঁকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করে ২ লাখ টাকা চাঁদা দেয়ার দাবি পূরণ না করায় তাকে পিটিয়ে হত্যা করে গামছা দিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলার ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম পশু ব্যবসায়ী সামসুল ইসলামকে বড়দরগা থেকে গ্রেফতার করে। পরে বুধবার সকাল ৯টায় ফাঁড়ির হাজতখানার গ্রিলের সাথে গামাছা ও পাঞ্জাবী পেচিয়ে সামসুল ইসলাম আত্মহত্যা করেছে দাবি করে খবর দেয় পুলিশ।

তবে নিহত সামসুলের পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে গ্রেফতারের পর এসআই আমিনুল ইসলাম তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে না পারায় পুলিশ ফাঁড়ির হাজতখানায় সামসুর ইসলামকে পিটিয়ে হত্যা করে গ্রীলের সাথে গামছা ও পাঞ্জাবী পেচিয়ে ঝুলিয়ে রাখে।

এ ব্যাপারে ফাঁড়ির ইনচার্জ অভিযুক্ত এসআই আমিনুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টার দিকেও আমি সামসুল ইসলামের সাথে ‘কথা বলেছি’। কিছুক্ষণ পরেই ‘গিয়ে দেখি’ থানা হাজতের গ্রিলের সাথে গামছা ও পাঞ্জাবী গলায় পেচিয়ে সে আত্মহত্যা করেছে। তাকে ‘কোন নির্যাতন করা হয়নি’। তার কাছে কোনো ‘চাঁদাও চাওয়া হয়নি’। তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।

পূর্ববর্তি সংবাদসড়ক ব্যবহারের ক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদবুয়েট ক্যাম্পাসে সন্ত্রাস রুখে দেওয়ার গণশপথ নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা