ইসলাম টাইমস ডেস্ক: সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পাহাড়ের আইন-শৃংঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ ও বিজিবির সংখ্যা বাড়ানো হচ্ছে। স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের ‘সন্ত্রাসী’রা যদি ভুল স্বীকার করে আত্মসমর্পণের প্রস্তাব দেয়, তাহলে সরকার বিষয়টি ভেবে দেখবে।
আজ বুধবার(১৬ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, পার্বত্য চট্টগ্রামে যারা সন্ত্রাসবাদে জড়িত তারা যদি ভুল স্বীকার করে আত্মসমর্পণের প্রস্তাব দেয় তাহলে আমরা ভেবে দেখবো। পাহাড়ে শান্তি ফেরাতে আমরা সব উদ্যোগকে স্বাগত জানাই। সুন্দরবনের জলদস্যুরা ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে। যারা করেনি তাদের নির্মম পরিণতি হয়েছে।
















