কিশোরগঞ্জের প্রবীণ আলেমে দ্বীন মাওলানা সালাহুদ্দীন লাহোরির ইনতিকাল

ইসলাম টাইমস ডেস্ক: কিশোরগঞ্জের প্রবীণ আলেমে দ্বীন জামিয়া ইমদাদিয়ার সুদীর্ঘ সময়ের মুহাদ্দিস মাওলানা সালাহুদ্দীন  ইনতিকাল করেছেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিঊন। তিনি কিশোরগঞ্জ শহরের বয়লা ইমামবাড়ি জামে মসজিদে কয়েক যুগ ইমাম ও খতীবের দায়িত্ব পালন করেন।

আজ (১৭ অক্টোবর) বুধবার দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জের আজিমুদ্দীন রোড মসজিদের পাশে নিজ বাড়িতে ইনতিকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল আনুমানিক ৮০ বছর।

জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস মুফতি ওমর আহমদ ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, মাওলানা সালাহুদ্দীন রহ. ছিলেন প্রায় ৫৫ বছর যাবত জামিয়া ইমদাদিয়ার শিক্ষক। কিশোরগঞ্জের কয়েক প্রজন্ম তাঁর ছাত্র। তিনি দীর্ঘদিন জামিয়াতে হাদিসের কিতাব আবু দাঊদ শরিফ পড়িয়েছেন।

ছাত্রকালে তিনি জামিয়া ইমদাদিয়া থেকে পড়া শেষ করে পাকিস্তানের লাহোরে দীর্ঘদিন অধ্যয়ন করেন। শিক্ষা সমাপ্তির পর তিনি জামিয়া ইমদাদিয়াতে শিক্ষক হিসেবে যোগ দেন। অসুস্থতার কারণে গত রমযান থেকে দরসে আনুষ্ঠানিক অংশগ্রহণ না থাকলেও মাদরাসায় তাঁর নিয়োগ বহাল ছিল বলে জানান মুফতি ওমর আহমদ।

জানা যায়, তিনি বয়লা ইমামবাড়ি মসজিদে বিনা বেতনে নামায পড়িয়েছেন কয়েক যুগ।

চার পুত্র এবং তিন কন্যা রেখে ইনতিকাল করেছেন মাওলানা সালাহুদ্দীন রহ.। তাঁর রূহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদরাজধানীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে শুরু হল বেফাকের সনদ বিতরণ কার্যক্রম
পরবর্তি সংবাদচট্টগ্রামে অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৩ জনের প্রাণহানি