ইসলাম টাইমস ডেস্ক: অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে রোগী মফিজুর রহমানকে নিয়ে পরিবারের কয়েকজন বাঁশখালী উপজেলায় বাড়িতে ফিরছিলেন। আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে পৌঁছালে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত ও চারজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আহতদের একজন মারা যান। বিস্ফোরণে গাড়িটি ছিন্নভিন্ন হয়ে যায়।
















