ব্রেক্সিট নিয়ে ইইউ-যুক্তরাজ্যের সমঝোতা

ইসলাম টাইমস ডেস্ক: নানা নাটকীয়তার পর অবশেষে ব্রেক্সিট চুক্তির ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেন, আমরা এক অসাধারণ চুক্তিতে পৌঁছেছি। এই চুক্তির মাধ্যমে পার্লামেন্টে নিয়ন্ত্রণ ফেরানো যাবে। খবর বিবিসির।

ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে চলতি বছরের গত মে মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি সরে দাঁড়ানোর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ব্রেক্সিটপন্থী কনজারভেটিভ নেতা বরিস জনসন। নির্বাচিত হওয়ার পর আগামী ৩১ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। প্রয়োজনে চুক্তিবিহীন ব্রেক্সিটেরও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে শুরু হয় ইইউ নেতাদের সম্মেলন। সেখানেই দুই পক্ষের প্রতিনিধিরা চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় সেই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা দুর্দান্ত একটা সমঝোতায় আমরা পৌঁছেছি, পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণও ফিরেছে।’

অপর এক টুইট বার্তায় জঁ-ক্লোদ ইয়ুংকার বলেন, ‘ইচ্ছা থাকলেই চুক্তি স্বাক্ষর সম্ভব-আমরা সেটা পারব। এটা যুক্তরাজ্য ও ইইউ-এর মধ্যে একটি স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ সমঝোতা। সংকট উত্তোরণের পথ খোঁজার ক্ষেত্রে এটা আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। চুক্তি অনুমোদনে তৎপর হতে আমি ইউরোপীয়ান কাউন্সিলের কাছে সুপারিশ করছি’।

 

পূর্ববর্তি সংবাদবিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারে ২ রোহিঙ্গা নিহত
পরবর্তি সংবাদযুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চান নেতারা