ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের একজন প্রধান কনস্টেবল বিজয় ভান সিংয়ের (৫১) মৃত্যু নিয়ে প্রভাবশালী ইংরেজি দ্য টেলিগ্রাফ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভারতে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে বিএসএফ। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। উদ্ভূত পরিস্থিতিতে বিব্রত ঢাকায় ক্ষমতাসীনরা।
এতে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার বিএসএফের প্রধান কনস্টেবল বিজয় ভান সিং’কে হত্যা করা হয়। আহত হন একজন কনস্টেবল। এ জন্য বিজিবিকে দায়ী করা হয়েছে।
বলা হয়েছে, বাংলাদেশী জলসীমায় অবস্থান করা ভারতীয় একজন জেলেকে মুক্ত করতে গিয়েছিলেন বিএসএফের সদস্যরা। এ সময় কোনো উস্কানি ছাড়াই বিজিবি সদস্যরা প্রকাশ্যে গুলি ছুড়েছে। এতে নিহত হয়েছেন বিজয় ভান সিং। এ ঘটনায় উভয় দেশের দুই বাহিনীর মধ্যে সম্পর্ক অকস্মাৎ তিক্ত হয়ে ওঠে। এ দুটি বাহিনীর মধ্যে সব সময়ই একটি উষ্ণ সম্পর্ক বিদ্যমান।
বিএসএফ দাবি করছে, কোনো উস্কানি ছাড়াই বিজিবি সদস্যরা প্রকাশ্যে গুলি ছুড়েছে। অন্যদিকে বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক নৌসীমানা বিষয়ক কনভেনশন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ বিজিবির। একই সঙ্গে বিজিবির অীভিযোগ, আটক জেলেকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিএসএফ সদস্যরা। তখনই তাদের দিকে গুলি ছোড়া হয়। এ নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বৃহস্পতিবার বৈঠকে বসেন এবং আলাদা আলাদা তদন্ত করার সিদ্ধান্ত নেন।
তবে মুর্শিদাবাদে পুলিশের সূত্রগুলো বলেছেন, বিএসএফের বামনাবাদ আউটপোস্টের ইনজার্চ কেসি মীনা জলাঙ্গি পুলিশ স্টেশনে বিজিবি সদস্যদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মুর্শিদাবাদ পুলিশের প্রধান মুকেশ বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং এ মামলায় তদন্ত শুরু হয়েছে।
















