ইসলাম টাইমস ডেস্ক: অস্ট্রেলিয়ায় ব্যবহারের দিক থেকে আরবি ভাষা রয়েছে তৃতীয় অবস্থানে। ব্রিটিশ প্রতিষ্ঠান নিওম্যাম স্টুডিওস একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
অস্ট্রেলিয়া সম্পর্কে নিওম্যাম স্টুডিওসের গবেষণা তথ্যকে সমর্থন জানাচ্ছে দেশটির আদমশুমারির তথ্যও। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা ২ কোটি ৪৬ লাখ। এর মধ্যে আড়াই শতাংশই কথা বলে মান্দারিন ভাষায়। আর আরবিতে কথা বলে ১ দশমিক ৪ শতাংশ মানুষ, সংখ্যায় যা ৩ লাখ ২১ হাজারের বেশি।
এসবিএস এরাবিকের তথ্যমতে, অস্ট্রেলিয়ার আরবিভাষী জনগোষ্ঠীর অধিকাংশই লেবানিজ। এ সম্পর্কিত আদমশুমারির তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার আরবিভাষী ৭৮ হাজার মানুষ দেশটিতে পাড়ি জমিয়েছেন লেবানন থেকে। এর পরেই রয়েছে ইরাক। দেশটি থেকে আসা অভিবাসীর সংখ্যা ৬৭ হাজার। এ তালিকায় ৩৯ হাজার প্রতিনিধি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিসর।
অস্ট্রেলিয়ায় আরবদের অভিবাসন শুরু হয় মোটামুটি ১৮৮০ সালের দিকে। এর এক শ বছর পর, অর্থাৎ ১৯৮০ সালের পর দেশটিতে এ অভিবাসনের হার বেড়েছে সবচেয়ে বেশি। দেশটির বর্তমান সরকারি নীতিতে নিজস্ব ভাষার চর্চাকে উৎসাহিত করা হয়। আর এটিই দেশটিতে পাড়ি জমাতে বিভিন্ন ভাষাভাষী মানুষকে উৎসাহিত করছে।
















