ইসলাম টাইমস ডেস্ক: ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার প্রতিবাদে ভোলায় মুসল্লিদের একটি সমাবেশে পুলিশ-জনতার সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুইশতাধিক। আহতদের ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে পূর্বঘোষিত একটি সমাবেশে এসব হতাহতের ঘটনা ঘটে। গুরুতর গুলিবিদ্ধ ৮ জনকে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে।
সূত্র মারফত জানা যায়, সবাই হাইস্কুল মাঠে জমায়েত হলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি এবং টিয়ারসেল ছুঁড়তে শুরু করে। এতে দুইজন নিহত হওয়াসহ গুরুতর আহত হয়েছে আরো দুইশতাধিক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকালে বিপ্লব চন্দ্র শুভ’র নিজের নাম ও ছবি সম্বলিত ফেসবুক আইডি Biplob Chandra Shuvo থেকে আল্লাহ তায়ালা ও নাবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে কুরুচিপূর্ণ গালাগাল করে তার কয়েকজন ফেসবুক বন্ধুদের কাছে ম্যাসেজ যায়। এক পর্যায়ে কয়েকটি আইডি থেকে ম্যাসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সকলের নজরে আসে। এমনকি বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। এ অবস্থায় সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে জিডি করতে যায়। তখন থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে তাদের হেফাজতে রাখে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটেছে। বিপ্লব চন্দ্র শুভ উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চন্দ্র মোহন বৈদ্দের ছেলে।
















