ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর যৌথভাবে হামলার অভিযোগ পাওয়া গেছে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের বিরুদ্ধে। এতে ছাত্রদলের পাঁচ কর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন মামুন খান, শাহজাহান শাওন, মাহফুজ চৌধুরী, হাসান তারেক ও নূর আলম ইমন। তাঁদের মধ্যে মামুন খান নামের একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রবিবার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ক্যাফেটেরিয়া ও কমনরুমবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কানেতা ইয়া লাম লাম দুপুরে সাংবাদিকদের কাছে বলেন, বেলা ১১টার দিকে ঢাবির সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলন শেষে বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের বের হওয়ার সময় গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁদের ধাওয়া করে ক্যাম্পাস-ছাড়া করেন। এর আধা ঘণ্টা পর ছাত্রদলের একটি অংশ মধুর ক্যান্টিনে আসলে হামলার ঘটনা ঘটে।
















