মাদক ব্যবসার দায়ে বরিশালে এসআই-এর ৫ বছর সশ্রম কারাদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে বরিশালে পুলিশের উপপরিদর্শক (বর্তমানে বরখাস্ত) চিম্ময় মিত্রকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় চিম্ময় মিত্রের সহযোগী নিধু মিস্ত্রী ও রুবেলকে ৩ বছর করে কারদণ্ড দেওয়া হয়। তার মধ্যে রুবেল পলাতক আছেন।

বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমএ হামিদ সোমবার বিকেলে এ দণ্ডাদেশ দেন।

 

উপপরিদর্শক চিম্ময় মিত্র সর্বশেষ বরিশাল কোতোয়ালী মডেল থানায় কর্মরত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৪ জুলাই নগরীর বিমান বন্দর থানার উপপরিদর্শক সুলতান আহম্মেদ মাদক বিক্রেতা নিধু মিস্ত্রিকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করেন। জিজ্ঞাসাবাদে নিধু পুলিশকে জানায়, তিনি ১০ হাজার টাকা মাসিক বেতনে উপপরিদর্শক চিন্ময় মিত্র ও বেল্লালের মাদক বিক্রি করেন। চিন্ময় মিত্র তাকে ৩০০ বোতল ফেনসিডিল বিক্রি করতে দিয়েছিলেন। তারা চিন্ময়ের নির্দেশে মাদক বিক্রির টাকা এসএ পরিবহন ও বিকাশের মাধ্যমে বিভিন্ন স্থানে পাঠাতেন। পরে একই স্বীকারোক্তি দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় নিধু।

এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করে উল্লেখিত তথ্যের সত্যতা পায়। ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর উপপরিদর্শক চিন্ময় মিত্রসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা রেজাউল ইসলাম। দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের রায়ে তাদের খালাস দেয়া হয়েছে।

গত ১৯ জুন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে চিন্ময় মিত্রকে কারাগারে পাঠানো হয়। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

পূর্ববর্তি সংবাদবিএনপি সাংসদ হারুন অর রশিদের ৫ বছরের কারাদণ্ড
পরবর্তি সংবাদএবার ওমর ফারুক চৌধুরী ও তার স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব জব্দ