ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নবীর শানে কটূক্তিকে কেন্দ্র করে ভোলায় সৃষ্ট সহিংসতার মূল হোতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চলছে। তাদেরকে সনাক্ত করতে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে গত তিন দিনের তথ্য চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ফেসবুক থেকে তথ্য পাওয়া যাবে।
মন্ত্রী দেশবাসীকে ধৈর্য ধারণ করে আরও দুই-তিন দিন অপেক্ষা করার আহ্বান জানান। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইতিমধ্যে মামলা করেছে এবং অভিযুক্ত ফেসবুক ব্যবহারকারী এবং (কথিত) হ্যাকারকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, “এই ঘটনার তদন্তে যারা পরে দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।”
মন্ত্রী জানান, ঘটনার পরপরই তিনি ভোলার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।
















