মেননের দু:খ প্রকাশ: নিজের বক্তব্যকে নিজেই ‘অতিশয় উক্তি’ আখ্যা দিলেন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

ইসলাম টাইমস ডেস্ক: বরিশালের সমাবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দেওয়া নিজের বক্তব্য নিয়ে আবারও অবস্থান পরিবর্তন করলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নিজের বক্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত অতিশয় উক্তি’ আখ্যা দিয়ে বক্তব্য পরবর্তী উদ্ভত পরিস্থিতির জন্য এবার তিনি দু:খ প্রকাশ করলেন। এর আগে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, তার বক্তব্য অংশবিশেষ পরিবেশন করায় ভুল বার্তা গেছে।

বুধবার (২৩ অক্টোবর) দোহারে ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনের উদ্বোধনীতে প্রধান অতিথির দেওয়া বক্তব্যে তিনি দুঃখ প্রকাশ করেন। ওয়ার্কার্স পার্টির দফতর থেকে কামরূল আহসান এ কথা জানান।

গত শনিবার (১৯ অক্টোবর) বরিশাল নগরীর টাউন হলে দলীয় সম্মেলনে মেনন বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

কামরূল আহসান জানান, বরিশালে দেওয়া বক্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত অতিশয় উক্তি’ আখ্যা দিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘ওয়ার্কার্স পাটি ১৪ দলে ছিল এবং আছে। আজকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী লড়াই করতে দলীয় ঐক্যের কোনও বিকল্প নেই। আমার নির্বাচন সম্পর্কিত অনাকাঙ্ক্ষিত অতিশয় উক্তিকে কেন্দ্র করে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সে-জন্য আমি দুঃখিত। আমি বলতে চাই, নির্বাচনে মানুষের আস্থা সৃষ্টি করতে হবে। এ জন্যই নির্বাচনকে যথাযোগ্য রাজনৈতিক মযার্দায় ফিরিয়ে আনতে হবে।

পরদিন বিবৃতিতে মেনন বলেন, ‘আমার বক্তব্য সম্পর্কে জাতীয় রাজনীতি ও ১৪ দলের রাজনীতিতে একটা ভুল বার্তা গেছে। আমার বক্তব্য সম্পূর্ণ পরিবেশন না করে অংশবিশেষ পরিবেশন করায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।’

এদিকে ক্যাসিনো বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলবের খবর পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট তাদের ব্যাংক হিসাব তলব করে। একই সাথে তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সুপারিশ করেছে আইনপ্রয়োগকারী সংস্থা।

পূর্ববর্তি সংবাদক্যাসিনোকাণ্ড: হুইপ সামশুল হক, এমপি শাওনসহ ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি
পরবর্তি সংবাদসাহিত্যচর্চার পেছনেও আমাদের উদ্দেশ্য থাকবে ইসলাম