ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিশ যোদ্ধাদের বিরুদ্ধে তুরস্কের আগ্রাসনের বিরুদ্ধে নয়দিন আগে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা তুলে নেয়া হয়েছে।
সম্প্রতি যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে তুরস্ক। তারপরেই সিরিয়া সীমান্তে যুদ্ধবিরতির সময় বাড়াতে সেখানে তুরস্কের সঙ্গে যৌথভাবে সেনা মোতায়েনের বিষয়ে একমত হয়েছে রাশিয়া। দুই দেশের মধ্যে একটি চুক্তিও হয়েছে।
দু’দেশের তরফ থেকে এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ চুক্তি বলে উল্লেখ করা হয়েছে। কুর্দি বাহিনীকে তুরস্ক ও সিরিয়া সীমান্ত থেকে হটানোর লক্ষ্যেই দু’দেশের মধ্যে এই চুক্তি হয়।
চলতি মাসে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর পরই সেখানে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। অন্তত ৩০ কিলোমিটার পর্যন্ত কুর্দিদের হটিয়ে ‘নিরাপদ অঞ্চল’ তৈরি করতে চায় তুর্কি বাহিনী।
















