ইসলাম টাইমস ডেস্ক: ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতের বালুরঘাট ও রায়গঞ্জ শিশু শোধনাগারে ১৪ থেকে ১৬ মাস মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে চার বাংলাদেশী কিশোর। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায়, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামানের হাতে এসব শিশু কিশোরকে তুলে দেয়া হয়।
জাস্টিস এন্ড কেয়ার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরা চার কিশোর হলো জহিরুল ইসলাম (১৪), আলামিন ইসলাম (১২), নুর মোহাম্মদ (১৩), আরিফ হোসেন (১২)। এদের সকলের বাড়ি রাজশাহী, সুনামগঞ্জ ও পঞ্চগড় জেলায়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি রফিকুজ্জামান জানান, ১৪ থেকে ১৬ মাস পূর্বে ওই চার কিশোর হিলি ও পঞ্চগড় সীমান্ত দিয়ে বেড়ানোর উদ্দেশ্যে ভারতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের আটক করে। তবে আটককৃতদের বয়স কম হওয়ায় আদালত তাদের বালুরঘাট ও রায়গঞ্জ শিশু শোধনগারে পাঠান। সেখানে তারা ১৪ থেকে ১৬মাস মেয়াদে আটক ছিলেন। দেশে ফেরত আসা ওই চার কিশোরকে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছে।
















