নওয়াজকে সর্বোচ্চ চিকিৎসাসেবার নির্দেশ পাকপ্রধানমন্ত্রীর, বিষ প্রয়োগের অভিযোগ ছেলের

ইসলাম টাইমস ডেস্ক: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি নওয়াজ শরিফের সর্বোচ্চ চিকিৎসাসেবার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাঞ্জাব সরকারকে এ বিষয়ে সবধরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এদিকে কারাগারে নওয়াজ শরিফকে ‘বিষ’ দেয়া হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন নওয়াজ শরিফের ছেলে হুসেন নওয়াজ। হুসেন নওয়াজ এক টুইট বার্তায় এ অভিযোগ করেন।

ইমরান খানের তথ্য বিষয়ক উপদেষ্টা আশিক ফিরদৌস আওয়ান এক টুইটবার্তায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্বাস্থ্য বিষয়ক খোঁজখবর বিস্তারিত জানতে পাঞ্জাব গভর্নরকে ইতিমধ্যে তলব করা হয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাঞ্জাব গভর্নর সরদার ওসমানের সঙ্গে ইমরান খান এ বিষয়ে ফোনে কথা বলেছেন বলেও জানান তিনি।

সোমবার নওয়াজ শরিফকে গুরুতর অসুস্থ অবস্থায় লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হঠাৎ করে বিরোধী দলের নেতারা কেন এভাবে জেলখানায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, এ নিয়ে সোমবার থেকেই পাকিস্তানে বিরোধী দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে আসছেন। তাদের অভিযোগ, শীর্ষ বিরোধী দলের এই নেতারা ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেন না। তাদের তিলে তিলে মারার জন্য তেহরিক-ই-ইনসাফের সরকার চক্রান্ত করছে।

চিকিৎসকরা বলেছেন- তার রক্তে প্লাটিলেটের পরিমাণ ১৬ হাজার থেকে কমে দুই হাজারে নেমে এসেছে। একজন সুস্থ মানুষের যেখানে কমপক্ষে দুই লাখ প্লাটিলেট থাকার কথা।

 

পূর্ববর্তি সংবাদআজ নুসরাত হত্যা মামলার রায়, পরিবারের প্রত্যাশা ন্যায় বিচার
পরবর্তি সংবাদবঙ্গোপসাগরে লঘুচাপ : আগামী ৭২ ঘন্টা আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে