ইসলাম টাইমস ডেস্ক: শর্তের সাপেক্ষে পাকিস্তানে সরকার বিরোধী আন্দোলন ‘আযাদি মার্চ’ এর অনুমতি দিয়েছে দেশটির আদালত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আলোচনা কমিটিকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন এবং বলেন, ইসলামাবাদে প্রতিবাদ আন্দোলন করার ব্যাপারে আদালতের সিদ্ধান্ত রয়েছে। বিচার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রণালয় সবকিছু নিয়ন্ত্রণ করবে।
বেসরকারি একটি টিভি চ্যানেলের সূত্রে জানা যায়, সরকারি আলোচনা কমিটি বুধবার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে তারা পাক প্রধানমন্ত্রীকে বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা প্রসঙ্গে বিস্তারিত জানান।
এদিকে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, ২৭ অক্টোবর এর আগে আযাদি মার্চ না করার জন্য আমরা বিরোধী দলগুলোকে অনুরোধ করব এবং আশা করি তারা আলোচনার মাধ্যমে আমাদের কথা মেনে নিবে।
তবে আযাদি মার্চে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোন কিছু বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান সরকার।
















