ইসলাম টাইমস ডেস্ক: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শ্রীকান্ত রায়ের (৩০) লাশ ৫ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টায় ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করে। এর আগে সকালে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
শ্রীকান্তের বাবা খেলু রাম জানান, গত ২১ অক্টোবর থেকে লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। আজ দেবে, কাল দেবে এভাবে গত সোমবার থেকে সীমান্তে দাঁড় করিয়ে রেখেছে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। আমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলাম। মনে করেছিলাম লাশ ফেরত দেবে না। অবশেষে ছেলের লাশ পেলাম।
লাশ ফেরতের সময় হরিপুর থানার ওসি তদন্ত আব্দুস সবুর, কান্দাল ক্যাম্পের বিজিবি সদস্যরা ও নিহত যুবকের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে গত গত রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পাঞ্জাবে ইটভাটায় কাজ করার উদ্দেশ্যে অবৈধ পথে কান্দাল সীমান্ত দিয়ে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের কাছে পৌঁছালে তাকে গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায় বিএসএফ।
















