শিবসেনার বদৌলতে দুই রাজ্যে বিধানসভাও বিজেপির জয়, কংগ্রেসও ভালো অবস্থানে

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের দুই রাজ্য মহারাষ্ট্রে ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন হয়েছে। মহারাষ্ট্রে জয় পেয়েছে বিজেপি। আর হরিয়ানায় এগিয়ে আছে। অন্যদিকে নির্বাচনে হেরেও স্বস্তিতে আছে বর্তমান বিরোধীদল কংগ্রেস। মহারাষ্ট্রে গত বারের চেয়ে তাদের আসন বেড়েছে ১৮টি। এছাড়া হরিয়ানায় আগের বারের তুলনায় ১৬টি আসন বেশি পেয়েছে সোনিয়া গান্ধীর দল। কংগ্রেসের এমন উন্নতিতে জয় পেয়েও চিন্তায় পড়েছে বিজেপি।

নিজেদের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত হরিয়ানাতে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। আরেক শক্তিশালী ঘাঁটি মহারাষ্ট্রেও দলটির জনপ্রিয়তা পড়তির মুখে। কিন্তু প্রধান শরিকদল শিবসেনার বদৌলতে এবারের মত ঘাঁটিটি হারাতে হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রে মোট ২৮৮ আসনের মধ্যে  বিজেপি ও শিবসেনা জোট পেয়েছে ১৬২টি আসন। এছাড়া কংগ্রেস ও এনসিপি জোট ১০৪টি, এমএনএস ১টি এবং  অন্যান্যরা-২১ টি আসন পেয়েছে। অর্থাৎ বিজেপি-শিবসেনার জোটই সরকার গড়বে মহারাষ্ট্রে। তবে সেখানে আগের চেয়ে ১৮টি আসন বেশি পাওয়ায় হেরেও স্বস্তিতে আছে কংগ্রেস।

অন্যদিকে হরিয়ানার মোট ৯০ আসনের মধ্যে বিজেপি ৪০টি আসন পেয়েছে। এছাড়া কংগ্রেস ৩১টি, জেজেপি ১০টি, আইএনএলডি ১টি এবং অন্যান্য দল ৮টি আসন পেয়েছে। অর্থাৎ, হরিয়ানায় কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই রাজ্যে বিজেপি-কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আর এখানে সরকার গঠনের বিষয়টি নির্ভর করছে জেজেপি-এর ওপর। যদিও বিজেপি আশা করছে শেষ পর্যন্ত জোটের মাধ্যমে তারাই সরকার গঠন করবে।

এদিকে মহারাষ্ট্রে জয় পাওয়ায় এবং হরিয়ানায় এগিয়ে থাকায় বিজেপির কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বর্তমান সময়ে সাধারণত ৫ বছর পর খুব কম সংখ্যক সরকার ক্ষমতায় ফেরে। যে কারণে এই জয় খুবই আনন্দের।

তিনি আরও বলেন, কয়েকটি মহল থেকে বিজেপির এই জয়কে খাটো করে দেখানোর চেষ্টা হলেও আসলে বিজেপির এই জয় অভূতপূর্ব। হরিয়ানাতে গত বারের চেয়েও ৩ শতাংশ বেশি ভোট পেয়েছে বিজেপি। যখন দেশের বিভিন্ন রাজ্যে পাঁচ বছর পর পর মুখ্যমন্ত্রী বদল করার ট্রেন্ড আছে, তখন দুটি রাজ্যের জনতা বিজেপিকে আরও একবার তাদের সেবা করার সুযোগ দিয়েছে। এটা নিঃসন্দেহে গর্বের বিষয়।

পূর্ববর্তি সংবাদনেতানিয়াহুর সঙ্গে হাঙ্গেরিতে বাহরাইন রাজার গোপন বৈঠক
পরবর্তি সংবাদযাত্রীবাহী বাস উল্টে বগুড়ায় মা-মেয়েসহ নিহত ৩