সৌদি আরবে ধরপাকড়: এক দিনেই ফিরলেন ২০০ বাংলাদেশী

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরবে বিদেশি কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। প্রতিদিনই শত শত কর্মী ধরা পড়ছেন। এই তালিকার একটি বড় অংশই বাংলাদেশি কর্মী।

গত কয়েকমাস ধরে নিয়মিত তাদেরকে ফেরত পাঠানো হলেও সম্প্রতি ধরপাকড়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে। অনিয়মিতভাবে অবস্থানরত কর্মীদের পাশাপাশি নিয়মিতরাও ধরপাকড়ের শিকার হচ্ছেন।

ফেরত আসা কর্মীদের অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রেও নিরাপদ নন তারা। কর্মরত থাকাকালেই তারা ধরপাকড়ের শিকার হচ্ছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরও কিছুই বলছে না।

ফেরত আসার ধারাবাহিকতায় গত রাতেও ২০০ কর্মী দেশে ফিরেছেন। রাত সাড়ে ১১টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এদের অনেকেই স্বল্প মেয়াদে দেশটিতে অবস্থান করেন।

দেশে ফেরা এসব কর্মীদের বাড়ি পৌঁছানোর মতোও পরিস্থিতি নেই। একেবারে এক কাপড়ে ফেরত এসেছেন। এই অবস্থায় প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় বিমানবন্দরে খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

ফেরত আসা এসব কর্মীরা সরকারকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান। আর কাউকে যেন তাদের মতো পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য করা না হয় সে দাবিও তোলেন তারা।

পরিসংখ্যান বলছে, চলতি বছর ১৬ হাজারের বেশি বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে চলতি মাসেই ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহযোগিতায় ৮০৪ জনকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সহযোগিতা করেছে। সম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ফেরত আসলো গতকাল রাতে।

পূর্ববর্তি সংবাদগাজায় ইসরাইলি সেনাদের গুলিতে ৭৭ ফিলিস্তিনি আহত
পরবর্তি সংবাদকাশ্মীরে সত্যপালকে সরিয়ে মোদি ঘনিষ্ঠ গভর্নর নিযুক্ত