কর্ণফুলিতে জাহাজ দুর্ঘটনা, নদীতে ছড়িয়ে পড়েছে ডিজেল

ইসলাম টাইমস ডেস্ক: কর্ণফুলী নদীতে একটি অয়েল ট্যাংকার ফুটো হয়ে জ্বালানি তেল নদী ও খালে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। গত শুক্রবার ভোরে বন্দরের ডলফিন জেটি সংলগ্ন এলাকায় একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্যাংকারটি ফুটো হয়ে প্রায় ১০ টন ডিজেল নদীতে ছড়িয়ে পড়ে। শনিবার ভোর থেকে বন্দর কর্তৃপক্ষ নদী থেকে পানি মিশ্রিত এ তেল সংগ্রহ শুরু করেছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্ত দাশগুপ্তা জানান, নদীতে তেল ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। ছবিসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পরিবেশ দূষণের আলামত পেয়েছি। দুর্ঘটনাকবলিত জাহাজ দুটির মালিকপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।

তাদের আজ রবিবার শুনানির জন্য হাজির হতে বলা হয়েছে।বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘দেশ-১’ নামের তেলবাহী জাহাজটি অবস্থান পরিবর্তনের সময় অপর জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ‘দেশ-১’ ফুটো হয়ে তা থেকে তেল ছড়িয়ে পড়ে। ঐ ট্যাংকারে ১২০০ টন ডিজেল ছিল। পদ্মা জেটি থেকে তেল নিয়ে সেটি খুলনা যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পর তার বেশির ভাগ তেল নদীতে পড়ে যায়।

এ পর্যন্ত নদী থেকে প্রায় ৮০ শতাংশ তেল উত্তোলন করা হয়েছে। জাহাজ দুটি আটক করা হয়েছে। কোস্ট গার্ড তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম জানান, ভোরে ঘটনার সময় কাছাকাছি ছিল আমাদের তেল অপসারণকারী জাহাজ বে ক্লিনার-২। তখন জোয়ার-ভাটার মাঝামাঝি সময় ছিল। তাই সহজেই ছড়িয়ে পড়া তেল স্ক্রিনিং পদ্ধতিতে অপসারণ সম্ভব হয়েছে। এরপর দ্রুততম সময়ে বে ক্লিনার-১ এবং সাপোর্ট ভেসেল হিসেবে কান্ডারি-৮, ১০ ও ১১ কাজ শুরু করে। যতক্ষণ পর্যন্ত নদীতে তেল দেখা যাবে ততক্ষণ পর্যন্ত অপসারণ কার্যক্রম চলবে।

পূর্ববর্তি সংবাদগাজীপুর থেকে যুবকের লাশ উদ্ধার
পরবর্তি সংবাদরাখাইনে ২৭ পুলিশ অফিসারসহ ৫৯কে অপহরণ