ইসলাম টাইমস ডেস্ক : ধুম পান বর্জন করে চা পানের অভ্যাস গড়তে বললেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হওয়া এক ভিডিওতে এক সভায় তাকে এসব কথা বলতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, এরদোগান বলছেন, চলুন আমরা ধূমপানের অভ্যাস বর্জন করি। ধূমপানের পরিবর্তে চা পান করি। আমাদেরকে আজ সিদ্ধান্ত নিতে হবে। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি নিজেদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। এই ধূমপান- এটা একদিকে গুনাহ, আরেক দিকে নিজেরই ক্ষতি।
প্রেসিডেন্ট আরো বলেন, ধূমপানে অর্থের অপচয়। স্বাস্থ্যের ক্ষতি হয়। সময়ের অপচয় হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ীও এটি নিষিদ্ধ। এতে সম্পদ- স্বাস্থ্য- সময়ের অপচয় হচ্ছে না যা আমাদের নিকট আল্লাহ তাআলার দেয়া আমানত। ডাক্তাররা আমার পাশেই আছেন। আপনারা তাদেরকে জিজ্ঞাসা করুন। সুতরাং ধূমপান যতক্ষণ পর্যন্ত ক্ষতি করবে ততক্ষণ পর্যন্ত বলতে হবে, এটা হারাম। আপনারা কি বলতে পারেন ধূমপানের মাধ্যমে আমরা কাদেরকে ধনী বানাচ্ছি? আমরা ওই সকল প্রসিদ্ধ কোম্পানিগুলোকে এর মাধ্যমে ধনী বানাচ্ছি যাদেরকে সবাই চেনে। তারা আমাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে অর্থ উপার্জন করে।
















