ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সাথে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
আজ রবিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির সাংগঠনিক টিমের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর ও সেখানে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি সম্পর্কে কিছু বিরূপ আলোচনা চোখে পড়েছে। এই বিষয়ে যৌথ বিবৃতি ও উল্লেখিত চুক্তি সমূহের তালিকা দেখেছি। সেখানে দেশের স্বার্থবিরোধী কিছু চোখে পড়েনি। মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেমের প্রতি আমরা আস্থাশীল।’
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আবরার হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা জানিয়েছি। হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার যেন সঠিকভাবে সম্পন্ন হয় ও দোষী ব্যক্তিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় আমরা সেটাই চাই। আমরা প্রত্যাশা করি এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।’
















