ইসলাম টাইমস ডেস্ক: ভারতের ‘অবৈধ’ভাবে কাশ্মীর দখলের বিরুদ্ধে বিশ্বজুড়ে পাকিস্তানিরা ও কাশ্মীরের জনগণ রোববার কালোদিবস পালন করছেন। পাকিস্তানের অভিযোগ, ১৯৪৭ সালের ২৭ শে অক্টোবর অবৈধভাবে কাশ্মীর দখল করে ভারত। তাদের এই দখলদারিত্ব প্রত্যাখ্যান করে পাকিস্তান।
এই বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে রোববার নিয়ন্ত্রণ রেখার উভয় পাশে এই কর্মসূচি পালিত হচ্ছে। রেডিও পাকিস্তানকে উদ্ধৃত করে অনলাইন ডন বলছে, দখলীকৃত কাশ্মীর অচল করে দিয়ে এই কালোদিবস পালিত হচ্ছে।
ওদিকে গত ৫ই আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে ভারত। এর পর থেকেই ওই অঞ্চলজুড়ে হতাশা, ক্ষোভ ও আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। কাশ্মীরে মোবাইল ফোন সেবায় কিছু কল ও টেক্সট ম্যাসেজ পুনঃপ্রতিষ্ঠা করা হলেও অচলাবস্থা অব্যাহত রয়েছে ৮০ দিনের বেশি।
















