ইসলাম টাইমস ডেস্ক: হাইকোর্টে আপিল করে জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ হারুন অর রশীদ এমপি। শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের করা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করার পর তা বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে তাকে ৫ বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত।
সোমবার দুপুরে আপিলের শুনানি শেষে বিচারপতি মো. শওকত হোসেনের বেঞ্চ তাকে ৬ মাসের জামিন দেন।
এর আগে সোমবার সকালে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, এমপি হারুন তার দণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। পাশাপাশি জামিনও চেয়েছেন তিনি।
গত ২১ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এমপি হারুনকে ৫ বছরের দণ্ড দেন। রায়ে এমপি হারুনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ওইদিনই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
















