ইসলাম টাইমস ডেস্ক: মানবাধিকার লঙ্ঘনের দায়ে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে না পারলেও সৌদি শাসকদের লাল গালিচা সম্বর্ধনা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে সোমবার গভীর রাতে সৌদি আরবে পৌঁছলে আরব শাসকদের পক্ষ থেকে তাকে গাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার মোদির এক টুইট বার্তা থেকে এ সব তথ্য জানা গেছে।
এবার নরেন্দ্র মোদীকে সৌদি যেতে হয়েছে একটু ভিন্ন পথে। কারণ কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের কারণে ভারতীয় প্রধানমন্ত্রীকে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার করতে দিতে আবারও অস্বীকার করেছে। সেজন্য অন্তত সাড়ে তিন ঘন্টার ঘুরপথ অবলম্বন করতে হয়েছে তাকে।
জানা যায়, এই সফরে দু’দেশের মধ্যে অন্তত বারোটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে প্রধান হলো একটি ভারত-সৌদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল গঠন। সৌদি আরব তাদের ভিশন-২০৩০ কর্মসূচিতে বিশ্বের যে আটটি দেশের সঙ্গে স্ট্র্যাটেজিক সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, তারও অন্যতম হচ্ছে ভারত।
















