ইসলাম টাইমস ডেস্ক : পাঞ্জাবে সরকারি জমিতে নির্মিত কাদিয়ানিদের একটি ইবাদতখানায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জমি উদ্ধার করেছে পাঞ্জাব প্রদেশ পুলিশ। অভিযানের সময় ৭০ বছর ধরে সরকারি জমি দখল করে থাকা এ ইবাদতখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। সালিম উদ্দিন নামে একজন কাদিয়ানি মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।
অভিযান চালানোর সময় কর্তৃপক্ষ কারণ হিসাবে বলেন, সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে এটি নির্মান করা হয়েছিল। তাই এটি ভেঙ্গে দেয়া হয়েছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এদিকে কাদিয়ানি প্রতিনিধি সালিম বলেন, রবিবার মুলতানের হাসিলপুর গ্রামে জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা এসে মাটির ইটে তৈরি ‘মসজিদটি’ ভেঙে দিয়ে যায়। শুধু ‘মসজিদ’ই নয়, এমনকি তার পাশে অবস্থিত তাদের ‘ইমামে’র জন্য সংরক্ষিত ঘরটিও পুলিশ ভেঙে ফেলেছে।
উল্লেখ্য, ১৯৭৪ সালে পাকিস্তান সরকার কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে। কিন্তু তারপরও পাকিস্তানে কাদিয়ানিরা তাদের সাধারণ মানুষের ঈমান আকীদা হরণ করার জন্যে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বর্তমানে পাকিস্তানে প্রায় ৫ লাখ কাদিয়ানি বসবাস করে।
















