উত্তপ্ত কাশ্মীরে আবারও হামলা, নিহত ৫ ভারতীয় নাগরিক

ইসলাম টাইমস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে (জম্মু-কাশ্মীর) টহলরত সেনাবহরে হামলার চালানোর কিছুক্ষণ পর আবারও অঞ্চলটিতে হামলা চালানো হয়েছে। এতে কাশ্মীরের বাইরে থেকে আসা পাঁচ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। খবর নিউজ এইট্টিন-র।

মঙ্গলবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় চালানো এ হামলায় অন্তত পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার দুপুরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার দ্রাবগামে ভারতীয় টহলরত সেনাবহরে ছয় থেকে সাত রাউন্ড গুলি চালানো হয়। জবাবে পাল্টা গুলি ছোঁড়ে সেনারাও। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই নিয়ে চলতি মাসে জম্মু-কাশ্মীরে বেশ কয়েকটি হামলা চালানো হলো। গত ২৬ অক্টোবর শ্রীনগরের করণ নগর এলাকায় হাসপাতালের বাইরে একটি চেকপয়েন্টে ছুঁড়া গ্রেনেডে আহত হন ভারতীয় বাহিনীর ছয় জওয়ান।

তার আগে ২৪ অক্টোবর শোপিয়ান জেলায় দুই ট্রাকচালককে গুলি করে হত্যা করা হয়। ঘটনায় আহত হন আরও এক ট্রাকচালক। তার এক সপ্তাহ আগে পাঞ্জাবের এক আপেল ব্যবসায়ীকে শোপিয়ানে গুলি করে হত্যা করা হয়। এই জেলাতেই গত ১৪ অক্টোবর গুলিতে মৃত্যু হয় রাজস্থানের এক ট্রাকচালকের।

পূর্ববর্তি সংবাদএবার না’গঞ্জে নারী পিয়ন-কৃষি কর্মকর্তার গোপন ভিডিও ফাঁস
পরবর্তি সংবাদশেরপুরে ট্রাক চাপায় খেলায় রত শিশুর মর্মান্তিক মৃত্যু