ইসলাম টাইমস ডেস্ক: দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের কাছ তার এবং তার সরকারের পদত্যাগপত্র জমা দেবেন বলে ঘোষণা দিয়েছেন।
হারিরি বলেন, ১৩ দিন ধরে লেবাননের সাধারণ মানুষ সিদ্ধান্তের অপেক্ষায় ছিলো। পরিস্থিতির অবনতি যেন না হয় সেজন্য রাজনৈতিক সমাধান চাইছিলো তারা। আমি চেষ্টা করেছি। জনগণের কথা শুনতে চেষ্টা করেছি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
২০১৯ সালের ১৭ অক্টোবর হোয়াটসঅ্যাপ এবং একই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোতে কর আরোপ প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। ওই কর আরোপের প্রতিবাদ করতে গিয়ে অর্থনৈতিক সমস্যা, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ ফুঁসে ওঠে। তীব্র সমালোচনার পাশাপাশি জনগণের ক্রয়ক্ষমতা কমে যাওয়া ও জীবনমানের অবনতির জন্য প্রধানমন্ত্রী সাদ হারিরি’র সরকারের পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন।
লেবাননের পুরো রাজনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর দফতর এবং পার্লামেন্ট ভবন সংলগ্ন এলাকায় বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় তারা সরকারবিরোধী নানা স্লোগান দেয়। শুধু প্রধানমন্ত্রীর দফতরই নয়; তার আবাসিক ভবনের বাইরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
















