ইসলাম টাইমস ডেস্ক: রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (৩০ অক্টোবর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকারমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সূত্রে চাঁদ দেখার কথা জানা গেছে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।
সভায় ধর্ম সচিব মো. আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিসহ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
















