ইসলাম টাইমস ডেস্ক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিল খারিজ করে এ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।
এসময় আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় আজ রায় ঘোষণার জন্য এক নম্বরে ছিল মামলাটি।
এর আগে, গত ১০ জুলাই এ মামলার উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। চলতি বছরের ১৮ জুন জামায়াত নেতা আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়।
এদিকে, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন এটিএম আজহার।
















