ইসলাম টাইমস ডেস্ক: অস্ত্র ও মাদকসহ আটক হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জু। ডিএসসিসির ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অভিযান চালিয়ে র্যাব তাকে আটক করেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল জানান, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হয়েছে। চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে তার কার্যালয়ে অভিযান চালানো হয়।
এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) র্যাব সদর দপ্তরে মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তার কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে। ক্যাসিনো ও জুয়ার আসর পরিচালনা, মাদক ব্যবসা, ফুটপাত নিয়ন্ত্রণ ও পরিবহন চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে।’
এ দিকে অভিযান পরিচালনাকারী র্যাব-৩ সূত্রে জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ওয়ারী থানায় এই কাউন্সিলরের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়। সেই মামলা পরিপ্রেক্ষিতেই বুধবার থেকেই তাকে খোঁজা হচ্ছিল।
















