ইসলাম টাইমস ডেস্ক: জনতার ঐক্যবদ্ধ শক্তিকে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘জনগণের শক্তির সামনে বন্দুক, কামানও দাঁড়াতে পারে না। সেই শক্তির কাছাকাছি আমরা এসে গেছি। আপনারা পরীক্ষা করে দেখুন।’
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচন সভার আয়োজন করা হয়।
ড. কামাল বলেন, ‘জেলায় জেলায়, গ্রামে গ্রামে পরীক্ষা করে দেখুন, তারা সবাই জনগণের সরকার চায়। যারা সত্যিকার অর্থে জনগণের সরকার হবে। হয়তো দুই-চারজন স্বৈরাচারের পক্ষে থাকবে। জনগণ স্বাধীনতার মালিক হতে অনেক মূল্য দিয়েছেন। কিছু সময়ের জন্য আমরা ক্ষমতার মালিকও হয়েছি। একটি ভালো নির্বাচনের পরে মানুষ বলেন এটা আমার রায়। কিন্তু সেই রায়টাকে যদি কার্যকর করা যেতো, তাহলে আর কোনও দুঃখ থাকতো না।’
স্বাধীনতার ৫০ বছর হতে চললেও দেশে নানান বৈষম্য আছে উল্লেখ করে কামাল হোসেন বলেন, সংবিধানে আছে সুন্দর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে, সুশাসনের বাতাস বইবে, অর্থনীতি জনগণের স্বার্থে পরিচালিত হবে, মানুষে মানুষে, গ্রাম শহরে বৈষম্য থাকবে না। কিন্তু স্বাধীনতার ৫০ বছরে পরেও দেশে এ রকম বৈষম্য থাকবে তা তিনি কোনো দিন ভাবতে পারেননি বলে জানান।
ঐক্যফ্রন্ট নেতা বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর যখন হবে তখনো কি আমরা চাইব না যে মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন, যে স্বপ্ন দেখে মানুষ জীবন দিয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে সেটাই মানুষ দেখতে চায়।’
স্বাধীনতার ৫০ বছর পরে এসেও মানুষের রায়ের নির্বাচন হয় না বলে জানান কামাল হোসেন। তিনি স্বাধীনতার ৫০ বছরকে সামনে রেখে সবাইকে জেলায় জেলায় মানুষের কাছে যাওয়ার আহ্বান জানান। এ ছাড়া বলেন, স্বাধীনতাকে অর্থপূর্ণ করতে হলে ৫০ বছর হওয়ার আগেই সংগঠিত হয়ে ইতিবাচক আন্দোলন ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আন্দোলন করার কথা জানান।
















