আন্দোলনের মুখে আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

ইসলাম টাইমস ডেস্ক: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক কাজী শরিফুল আলম।

গত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ একাধিক অভিযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাজী শরিফুল আলমের পদত্যাগের বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিয়মিত উপাচার্য আসার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে আসা অধ্যাপক আমানউল্লাহ ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন।”

স্বেচ্ছাচারিতাসহ একাধিক অভিযোগে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক কাজী শরিফুল আলমের পদত্যাগসহ ৯ দফা দাবিতে সোমবার থেকে আন্দোলন করে আসছিলেন আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।

পূর্ববর্তি সংবাদহাকীমপুরীসহ ২২টি জর্দায় বিষাক্ত কেমিক্যাল, হতে পারে ক্যান্সার
পরবর্তি সংবাদইসলামাবাদে ঢুকেছে মাওলানা ফজলুর রহমানের আজাদি মার্চ