ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেয়া জরুরি: বাণিজ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেয়া জরুরি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘আমি কিছুদিন আগে নর্থ-ইস্ট ইন্ডিয়া থেকে ঘুরে এসেছি। তারা খুব করে চাইছে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার জন্য। তারা বলছে, কলকাতা বন্দর ব্যবহার করতে হলে তাদের ১ হাজার ২০০ কিলোমিটার অতিক্রম করতে হয়। যেখানে চট্টগ্রাম বন্দর ব্যবহার করলে ৬০০ কিলোমিটার হয়। এটা করা খুব জরুরি। এতে আমাদের দেশের রেভিনিউও বাড়বে। চট্টগ্রাম বন্দরের উন্নতি হবে।’

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ডে চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জিডিপি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আগামী বছরগুলোয় আমাদের জিডিপি ১০ শতাংশের ওপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে মাথাপিছু আয় ৬ হাজার ডলার করার পরিকল্পনা রয়েছে। এসব লক্ষ্য বাস্তবায়নে নারী উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। পণ্য বহুমুখীকরণসহ দেশে-বিদেশে নতুন বাজার খুঁজতে হবে।’

তিনি বলেন, ‘ব্যাংকলোনের কথা বললে আমি শিওর ১০০ জন নারী আর ১০০ জন পুরুষ যদি লোন নেন তাহলে লোন রিকভারির মধ্যে পুরুষরা নারীদের চেয়ে পিছিয়ে পড়বে। তাদের সততা, লোন পরিশোধের প্রবণতা সবকিছুই ভালো। এ কথা বলতে কোনো দ্বিধা নেই।’

পূর্ববর্তি সংবাদ‘বর্তমান ছাত্র রাজনীতির ‘র‌্যাগিং’-এর সাথে আমরা পরিচিত ছিলাম না’
পরবর্তি সংবাদআজ জেএসসি ও জেডিসি পরীক্ষা, শুরু হচ্ছে বাংলা ও কুরআন মাজিদ দিয়ে