ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৪) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে বেড়খালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল রুবেল হোসেন বগুড়া জেলার হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।
তিনি তাড়াশ উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের দক্ষিণ মথুরপুর গ্রামের আলতাফ হোসেন মাস্টারের ছেলে। পুলিশ সদস্যের নিহতের বিষয়টি তাড়াশ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহনাজ পারভীন নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, পুলিশ সদস্য রুবেল হোসেন ছুটিতে বাড়িতে এসে সকালে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন। বেলা সাড়ে ১২টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া ওই সড়ক দুর্ঘটনায় আরো দুই ব্যক্তি আহত হয়েছেন।
















