ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে নভেম্বরের ১ তারিখ থেকে এই আইন কার্যকর করা হয়েছে। তবে সড়ক পরিবহন আইন কার্যকরের জন্য এখন সারা বাংলাদেশ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। প্রথম সাতদিন এই প্রচারণা চলবে। এই সময় কোনো পরিবহনের বিরুদ্ধে নতুন আইনে মামলা দায়ের না করার জন্য নির্দেশ দিয়েছি।’
শনিবার (০২ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
এ সময় দলের মধ্যে চলমান শুদ্ধি অভিযানের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘দেশজুড়ে তৃণমূল পর্যায়ে শুদ্ধি অভিযান চলছে। এরই মধ্যে জেলা ও তৃণমূল পর্যায়ে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলনে এসব ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজরা যাতে স্থান না পায় সেজন্য তৃণমূলের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের বক্তব্যের সঙ্গে দলীয় নেতাদের বক্তব্যের কোনো মিল নেই। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনীতি করছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার এমন কোনো অবনতি হয়নি যে তাকে বিদেশ পাঠাতে হবে। মেডিকেল বোর্ডে তার পছন্দের ডাক্তার রয়েছেন। সেই মেডিকেল বোর্ডের সদস্যরা বলছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে এবং তিনি সুচিকিৎসা পাচ্ছেন।’
















