ইসলাম টাইমস ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় হিন্দু সম্প্রদায়ের একই পরিবারের ছয়জন ইসলাম গ্রহণ করেছেন। শুক্রবার জুমার নামাজের পর তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।
সিংহশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন খান আল আমিন জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের সময় কুলগঙ্গা মসজিদে এসে শত শত মুসল্লির সামনে প্রথমে ওই পরিবারের তিন সদস্য ঝন্টু দাস, জয়ন্ত দাস ও সৌরভ দাস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন।
মসজিদের ইমাম নুর মোহাম্মদ ও মাওলানা আব্দুর রহিম কালেমা পড়িয়ে তাদের ইসলাম ধর্ম গ্রহণ করান এবং পূর্বের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন।
পরে নওমুসলিমরা খুতবা শুনেন এবং জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ শেষে ঝন্টু দাস (নতুন নাম মো. জাহাঙ্গীর আলম জসিম) মসজিদের ইমামকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে গিয়ে মা-বাবা ও স্ত্রীসহ স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এ বিষয়ে নওমুসলিম মো. জাহাঙ্গীর আলম জসিম ও তার বাবা আতিকুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমরা স্বেচ্ছায় শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছি। আমাদেরকে কেউ চাপ দিয়ে ধর্মান্তরিত করেনি।
















