ইসলাম টাইমস ডেস্ক : ভারতের প্রসিদ্ধ আলেম, কানপুর শহরের বিচারক, এবং দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য হযরত মাওলানা মুফতি মনযুর আহমদ মাযাহেরী গতকাল আসরের নামাজের পর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল দশটায় কানপুরের এক বড় ঈদগাহে তার নামােজে জানাজা আদায় করা হবে।
তার ইন্তেকালের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানোর শুরু করেন। মাওলানা আরশাদ মাদানীসহ দেশের বড় বড় আলেমগণ তার ইন্তেকালে আফসোস সমবেদনা প্রকাশ করেন।
প্রসঙ্গত, মুফতি মনযুর আহমদ কানপুরের পোটরিয়ার অধিবাসী। তিনি দেশের প্রাচীন এবং প্রসিদ্ধ মাদ্রাসা বায়তুল উলূমের পুরানো ছাত্রদের একজন। আরবি-ফারসি শিক্ষা তিনি এই প্রতিষ্ঠানে লাভ করেন। তারপর সাহারানপুরের মাযাহিরুল উলূমে গিয়ে শিক্ষা সমাপ্ত করেন। কানপুরকে ঘিরেই তার বড় বড় খেদমত পরিচালিত হতো। তিনি লম্বা সময় কানপুরে বড় গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়েছেন। মাসিক নেজাম পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের তিনি একজন। তিনি দারুল উলুম দেওবন্দের আজীবন রোকন। তিনি অনেক গুরুত্বপূর্ণ সময়ে দারুল উলুমের শূরাকে অনেক মশওয়ারা দিয়েছেন । তাকে দেশের বড় বড় আলেমদের মধ্য থেকে গণ্য করা হয়। আল্লাহ তাকে ক্ষমা করুন।
















