কুড়িগ্রামে ইট দিয়ে মাথা থেঁতলে মাদরাসাছাত্রকে হত্যা করেছে এক মাদকাসক্ত

ইসলাম টাইমস ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে ইট দিয়ে মাথা থেঁতলে শাকিল নামের মাদরাসাছাত্রকে হত্যা করেছে এক মাদকাসক্ত।

আজ সোমবার সকালে চিলমারী উপজেলার ভিটা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত শাকিল স্থানীয় রজব উদ্দিন নূরানী ও হাফিজিয়া মাদরাসার ছাত্র। হত্যাকারী গ্রামের সামছুল হকের ছেলে মাদকাসক্ত মো. রেজাউল করিম রেজা।

মাদরাসার শিক্ষার্থীরা জানায়,’শিক্ষক মাদরাসায় না থাকায় শাকিল সহপাঠীদের সঙ্গে গল্পগুজব করছিল। এ সময় মাদকাসক্ত রেজাউল করিম রেজা মাদরাসার দরজায় এসে উঁকিঝুঁকি দিচ্ছিলেন। শাকিল তাকে বলে, তোমাকে দেখলে সব ছাত্র ভয় পায়। তুমি এখান থেকে চলে যাও। এ কথায় রেজা রেগে শাকিলকে শ্রেণিকক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যায়।

রেজা শাকিলকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে প্রথমে তার পা ধরে শূন্যে কিছুক্ষণ ঘুরায়। এরপর মাদরাসা সংলগ্ন মিল চাতালের দক্ষিণ পূর্ব পাশে নিয়ে গিয়ে সহপাঠীদের সামনেই শাকিলের মাথা একটি ইটের ওপর রেখে আরেকটি ইট দিয়ে থেঁতলে দেয়। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয় কসাই মান্নার ছেলে রেজাউল দৌঁড়ে এসে রেজাকে জাপটে ধরে ফেলে। পরে গ্রামবাসীরা এসে রেজাকে চাতাল সংলগ্ন গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে থানায় খবর দেয়।

এরপর সঙ্গে সঙ্গে গুরুতর অবস্থায় শাকিলকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শাকিলকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু রংপুর নিয়ে যাওয়ার পথে উলিপুরের গুনাইগাছ এলাকায় অ্যাম্বুলেন্সেই শাকিল মৃত্যুর কোলে ঢলে পড়ে।’

শাকিলের ভাই শুকুরানা বলেন, আমার ভাইয়ের খুনির বিচার চাই। তার কী অপরাধ ছিল? কেন তাকে এতো নির্মমভাবে হত্যা করা হলো।

চিলমারী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, খুনি রেজাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তি সংবাদবিজেপি নেতার বক্তব্য ভাইরাল- ‘বিদেশি গরু আমাদের গো-মাতা নয়’
পরবর্তি সংবাদখোকার মৃত্যুতে দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি হলো : ফখরুল