এই সরকার সচেতনভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে: মির্জা ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: এই সরকার সচেতনভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের একটিই মাত্র উদ্দেশ্য। আর তা হল-এই দেশটিকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

সিপিডির গবেষণা প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, কয়েকদিন আগে সিপিডি বলেছে- বাংলাদেশের যে প্রবৃদ্ধির কথা বলা হয়েছে সেটা সঠিক নয়। তারা বলছে, বাংলাদেশের প্রতিটি অর্থনীতির স্তম্ভ ধ্বংস হয়ে যাচ্ছে। ব্যাংক লুট, শেয়ারবাজার লুট, ১ লাখ হাজার কোটি টাকা পাচার হয়েছে ব্যাংকের মাধ্যমে, যা দিয়ে পাঁচটি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

বিএনপি মহাসচিব বলেন, একদিকে বিচার ব্যবস্থা ধ্বংস, প্রশাসন ধ্বংস, অন্যদিকে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে। মানুষের সমস্ত অধিকারকে হরণ করা হয়েছে। এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া সংগ্রাম করছিলেন বলে তাকে কারাগারে যেতে হয়েছে।

গণতন্ত্র প্রতিষ্ঠায় জনসাধারণকে আত্মত্যাগের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের আস্থা রয়েছে দেশনেত্রী খালেদা জিয়ার ওপরে, তাই তাকে আটকে রাখা হয়েছে। আমরা যদি তরিকুল ইসলাম ও সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানাতে চাই তাহলে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মুক্ত করতে হবে। তাই বেগম জিয়াকে মুক্তি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং একটি নির্বাচন কমিশন গঠন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। আসুন সে লক্ষ্যে আমরা সবাই আত্মত্যাগ করি।

পূর্ববর্তি সংবাদপ্রাচীন যুগের সীরাত রচনা-১ : প্রথমকালের কয়েকটি কিতাব
পরবর্তি সংবাদজাবি শিক্ষক সমিতির সম্পাদকসহ ৪ জনের পদত্যাগ