ইসলাম টাইমস ডেস্ক: ছাত্রলীগ এখন ছাত্রলীগ নাই তারা খুনিলীগ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আবরার হত্যার বিচারের দাবিতে ‘রক্তের অক্ষরে সত্যের সাক্ষ্য’র কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গতকাল জাবির ছাত্রছাত্রীদের ওপর হামলা চালিয়েছে তারা। এই ছাত্রলীগের প্রতিটি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল আছে। শেখ হাসিনা প্রতিটি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থানা, উপজেলায়, ওয়ার্ডে টর্চার সেল তৈরি করে দিয়েছেন।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কত রক্ত চাই আপনাদের? রক্তের বন্যায় ভেসে যাবে সকল অন্যায়। যত রক্ত চান রক্ত দিব কিন্তু জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। সরকারি দল থেকে বলা হচ্ছে- আবরারের বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে আমরা আন্দোলন করছি কেন? আবরার এর বিচার হয় নাই।
তিনি বলেন, শুধু আবরার হত্যার সুষ্ঠু বিচারের দাবি নয়, এই সরকারের বিদায়ের জন্য রক্ত দিয়ে স্বাক্ষর করে শপথ করছি। বৃহত্তর জাতীয় ঐক্য গঠন করে এই সরকারের বিদায় করব।
তিনি আরো বলেন, এই সরকার শুধু আবরারকে খুন করে নাই। জনগণের অধিকার খুন করেছে, গণতন্ত্র হরণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে খুন করেছে। এখনো খুন করছে তারা।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, কার্যকরী সভাপতি আবু সাইয়েদ, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব প্রমুখ।
















