ইফা ডিজি সামীম আফজালসহ ১০ কর্মকর্তার ব্যাংক হিসাব তলব

ইসলাম টাইমস ডেস্ক: নামে-বেনামে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মুহাম্মদ আফজালসহ ইফার আরও ৯ কর্মকর্তার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। একইভাবে তার সম্পদের হিসাব খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংশ্লিষ্ট সূত্র মতে জানা যায়, এরই মধ্যে তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নিয়েছে দুদক। এরা সবাই ইফার গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে রয়েছেন এবং ডিজির আস্থাভাজন কর্মকর্তা।

অন্য কর্মকর্তারা হলেন- ইফার পরিচালক (উপসচিব) জালাল আহমদ, পরিচালক (সমন্বয়) এবিএম শফিকুল ইসলাম, উপপরিচালক (পার্সো) মুহাম্মদ আজাদ আলী, সহকারী পরিচালক (পার্সো) মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক (সমন্বয়) মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ, সহকারী পরিচালক (ডিজির দফতর) মুহা. জাকির হোসেন, সেকশন অফিসার-১ (প্রশাসন) মুহাম্মদ রিজাউল করিম এবং সাবেক পরিচালক মুহাম্মদ তাহের হোসেন ও মুহাম্মদ হারুনুর রশিদ।

ইফার সচিব কাজী নূরুল ইসলাম জানান, এরই মধ্যে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ আমীর হোসেন ইফার কার্যালয়ে এসে তথ্য-উপাত্ত চেয়েছেন। আমরা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে তাদের প্রশাসনিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি।

ইফা পরিচালক (উপসচিব) জালাল আহমদ বলেন, আমার কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি পাবে না দুদক। আমিও শুনেছি দুদক আমার তথ্য চেয়েছে। দুদক দেখুক, অনুসন্ধান করুক। এ নিয়ে আমার কোনো কথা নেই।’ দুদক তার এনআইডি নম্বরসহ বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়েছে স্বীকার করে ইফার সহকারী পরিচালক (সমন্বয়) মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ বলেন, ‘আমি ছিলাম বাংলাদেশ ছাত্রলীগের রিপন-রোটন কমিটির উপগ্রন্থনাবিষয়ক সম্পাদক। দুদকের অভিযোগে আমাকে ‘দুর্ধর্ষ শিবির ক্যাডার’ বানানো হয়েছে। আমি সরকারি চাকরি করি। একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি ষড়যন্ত্রের শিকার।

জানা গেছে, সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানে ক্যাসিনো কেলেঙ্কারির নায়কদের সঙ্গে সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকায় ইফার ডিজি সামীম মোহাম্মদ আফজালের নামও চলে আসে। এ কারণে গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে নামে-বেনামে অঢেল সম্পদের তথ্য পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলারে তার ব্যাংক হিসাব তলব করা হয় বলে জানা যায়।

পূর্ববর্তি সংবাদআ.লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না কেউ: হানিফ
পরবর্তি সংবাদউইঘুর মুসলিম নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহার করছে চীন