ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে বন্দুক হামলায় চার বিচারপতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) পাকতিয়া থেকে মাইক্রোবাসে করে কাবুলে ফেরার পথে বন্দুক হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাজধানী কাবুল থেকে ৬০ কিলোমিটার দূরে বাকি আবাদ নামক ছোট শহরের একটি মার্কেট এলাকায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়। খবর আনাদোলু এজেন্সি-র।
খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণ প্রদেশ পাকতিয়া থেকে ওই চার বিচারপতি একসঙ্গে কাবুলে ফিরছিলেন। লোগার প্রদেশের মুহম্মদ আঘা জেলায় একদল বন্দুুকধারীরা বিচারপতিদের গাড়ি টার্গেট করে হামলা চালায়। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাদের গাড়ি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বিচারকেরা। কেন এভাবে বিচারপতিদের লক্ষ্য করে হামলা চালানো হয়, তা এখনও স্পষ্ট নয়।
তবে কাউন্সিল সদস্য স্তানেকজাই দাবি করেন, বিচারপতিদের গাড়ির আগে আফগান সেনার গাড়ি ছিল। বন্দুুকধারীরা সেনার গাড়িটিকেই টার্গেট করেছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে বিচারপতিদের গাড়িটিই নিশানা হয়ে দাঁড়ায়।
















