ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন দল থেকে আমাদের পার্টিতে যারা আসছে তারা সবাই অনুপ্রবেশকারী নয়। কারো বিরুদ্ধে যদি সাম্প্রদায়িকতার সংশ্লিষ্টতা না থাকে, কোনো প্রকার মামলা-মোকদ্দমা, কোনো প্রকার অপরাধের সংশ্লিষ্টতা না থাকে তারা অনুপ্রবেশকারী নয়।
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
অনুপ্রবেশকারীদের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, যাদের সাম্প্রদায়িক অশুভ শক্তির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তাদেরকে আওয়ামী লীগে জায়গায় দেয়া হবে না।
তিনি বলেন, পার্টিতে যারা এসেছেন তারা সবাই অনুপ্রবেশকারী নয়। অনেক ক্লিন ইমেজের ভালো লোক আমাদের পার্টিতে এসেছেন। যাদের সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা, মামলা, দুর্নীতি নাই তারা অনুপ্রবেশকারী নন।
















