আলেমদের হজে প্রেরণের প্রক্রিয়া নিয়ে ভাইরাল হওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন ধর্ম প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সরকারি খরচে দেশের শীর্ষস্থানীয় ৫৮ আলেমকে হজে নিয়ে যাওয়ার প্রক্রিয়া নিয়ে ভাইরাল হওয়া সমালোচিত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আবদুল্লাহ।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত ওলামা-মাশায়েখের একটি সম্মেলনে  বিগত হজ্বে সরকারি খরচে দেশের শীর্ষস্থানীয় ৫৮ আলেমকে হজে নিয়ে যাওয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন ধর্ম প্রতিমন্ত্রী।

গত শুক্রবার থেকে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে ধর্মীয় অঙ্গনে নানা রকম প্রতিক্রিয়ার জন্ম নেয়। তার এ বক্তব্যের পর ব্যাপকভাবে অভিযোগ ওঠে যে, এ বক্তব্যে ওলামায়ে কেরামকে হেয় করা হয়েছে।

আজ রোববার অবশেষে এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী নিজেই। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে ধর্ম প্রতিমন্ত্রীর একটি লিখিত এক বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি দেশের ওলামা-মাশায়েখদের এক আলোচনা সভায় দেশের হক্কানি ওলামায়ে কেরামের হজে প্রেরণের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি স্বাধীনতা-বিরোধী জামাত-শিবির চক্রের প্রতি ইঙ্গিত করে একটি বক্তব্য প্রদান করি। আলিয়া মাদরাসা কিংবা আহলে সুন্নাত ওয়াল জামাআতের কোনো আলেমকে হেয় করে বক্তব্য প্রদান আমার উদ্দেশ্য ছিল না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল ধারার হক্কানি ওলামায়ে কেরামের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান রয়েছে। তারপরও আমার বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

বিবৃতিতে ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এ বছর আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম দেশের সকল ধারার শীর্ষস্থানীয় ৫৮ জন হক্কানি ওলামায়ে কেরামের সমন্বয়ে হজ ওলামা-মাশায়েখ টিম গঠন করে পবিত্র হজে প্রেরণ করি। আমরা অত্যন্ত আন্তরিকতা এবং সম্মানের সাথে তাদের জন্য পবিত্র মক্কা, মিনা, আরাফা এবং মদিনা শরিফে আবাসন, পরিবহন, খাবারসহ হজের বিধি-বিধান পালনে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করি।’

পূর্ববর্তি সংবাদবনানীতে ভ্যানচালককে বাঁচাতে গিয়ে ১৩ পুলিশ আহত
পরবর্তি সংবাদবাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণের রায়ের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ