ইসলাম টাইমস ডেস্ক: থাইল্যান্ডে চিকিৎসাধীন কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মহা-পরিচালক, বেফাকুল মাদারিসের সিনিয়র সহ-সভাপতি, দেশের শীর্ষস্থানীয় মুরুব্বী, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আযহার আলী আনোয়ার শাহ সাহেবের শারীরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
খাদ্যনালীতে টিউমারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের পাই থাই নাওয়ামিন ইন্টারনেশনাল হসপিটালে দীর্ঘ একমাস যাবৎ চিকিৎসাধীন আছেন দেশের এই প্রবীণ আলেমে দ্বীন।
কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস মুফতি ওমর আহমদ ইসলাম টাইমসকে এ তথ্য জানান।
তিনি জানান, চিকিৎসায় হুজুরের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। নিয়মিত রেডিও থেরাপি এবং কেমো থেরাপি দেয়া হচ্ছে। তবে থেরাপির প্রভাবে হুজুরের শরীর কিছুটা দুর্বল হয়ে আছে।
সুস্থ হলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হুজুর দেশে ফিরবেন জানিয়ে মুফতি ওমর আহমদ বলেন, পরিবারের পক্ষ থেকে হুজুরের আরোগ্য ও সু-স্বাস্থ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
















