ইসলাম টাইমস ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুক্কুর আলম নামে দৃষ্টি প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মী মোর্শেদুল আলম রিফাতের বিরুদ্ধে। রবিবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে চবির সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।
রিফাত ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন বিজয় গ্রুপের কর্মী। আর শুক্কুর দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের সংগঠন ‘ডিজেবল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ (ডিসকো) এর প্রচার সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার পরীক্ষা ছিল শুক্কুরের। রাত জেগে পড়াশুনা করতে হবে বলে তিনি দোকানে পাউরুটি কিনতে এসেছিলেন। দোকানে বসে থাকা রিফাত তার কাপড় ধরে টানতে থাকে। এতে শুক্কুর বিরক্তি প্রকাশ করলে রেগে যায় রিফাত। পরে সে চলে যাওয়ার সময় সোহরাওয়ার্দী হলের সামনে তাকে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারে। পরে কয়েকজন ছাত্র তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়।
রাতেই বিক্ষোভ করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরাএ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতেই বিক্ষোভ করেন ডিসকো’র সদস্যরা। হামলাকারীকে অতিদ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানায় তারা।
















